আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা করা হচ্ছে।

পেট্রোবাংলা জানিয়েছে, প্রকৃতপক্ষে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এর প্রভাবে আগামী চার দিন দেশে গ্যাসের সরবরাহ কমে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো বিষয় নেই। তবে সরবরাহ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা। পাশাপাশি প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত থেকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।