মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে। এ সময় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলো বিনা মূল্যে চলাচল করতে পারবে।
প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিশেষ এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ অবকাঠামো। বিশেষ করে বিমানবন্দর এলাকা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াতের ক্ষেত্রে এটি ব্যবহার করছেন চালক ও যাত্রীরা।
সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ছয় ঘণ্টা টোল মওকুফ থাকায় ওই সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা আর্থিক সুবিধা পাবেন।
তবে বিজ্ঞপ্তিতে শুধু ৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগে ও পরে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে প্রচলিত নিয়ম অনুযায়ী টোল পরিশোধ করতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে টোল ফ্রি সুবিধা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মন্তব্য করুন