যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অর্থনীতি বা জনজীবনের সমস্যা নয়, তার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল ওয়াশিংটন ডিসির একটি পুকুর।

গত সোমবার (২ নভেম্বর) লিংকন মেমোরিয়ালের সামনের প্রতিফলন পুকুরের সংস্কারকাজের নতুন রূপ তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন এটিই ছিল তার শেষ সংবাদ সম্মেলন।

এ সময় পুকুরটির পানির পাইপ, চারপাশের ঘাস ও গ্রানাইট পাথরের পরিবর্তন নিয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, প্রকল্পটি এমনভাবে করা উচিত, যাতে সব আমেরিকান এর মাধ্যমে একত্র হতে পারেন।

পুকুরটি সংস্কারে ব্যয় হয়েছে ১ কোটি ৪০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা। গত জুনে নতুন রূপ উন্মোচনের সময় ট্রাম্প পুকুরটিকে সুন্দর বলে উল্লেখ করেছিলেন। পানির রং যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার মতো নীল হবে বলেও আশা প্রকাশ করেছিলেন।

তবে শৈবালের কারণে পানি নীলের বদলে সবুজ হয়ে যায়। পাশাপাশি পানির ওপর দেওয়া নতুন প্রলেপও উঠতে শুরু করে। এতে সংস্কারকাজ নিয়ে সমালোচনা তৈরি হয়।

পুকুরের ক্ষতির জন্য কয়েকজনকে দায়ী করলেও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প। সাবেক অলিম্পিক ক্যানো প্রতিযোগী ডেভিড হার্নের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও পরে মামলাটি প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরোর কার্যালয়।

সংবাদ সম্মেলনে আগের সংস্কারকাজে অতিরিক্ত ব্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামাকেও দায়ী করেন ট্রাম্প।

পরে নির্বাচনের প্রসঙ্গে এসে তিনি মধ্যবর্তী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এদিকে মূল্যস্ফীতি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিও অর্থনৈতিক চাপ বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে ট্রাম্পের সংবাদ সম্মেলনে অর্থনীতির চেয়ে ১৭৪ কোটি টাকার পুকুর সংস্কার বেশি গুরুত্ব পাওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে।