পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবির মহাপরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

অন্যদিকে, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থা রাজারবাগে এবং পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদকে গাজীপুরের পুলিশ কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশ্রাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।