বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ২৯ সদস্যের এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজ হাসানকে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে নতুন কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির চার সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম।

এ ছাড়া মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। দুই যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ।

নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ, আন্তর্জাতিক রেফারি ও বিচারক।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্দেশ্যেই নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।