প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য। এ ধরনের গুণাবলি একজন কর্মকর্তার পাশাপাশি রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান এখন বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের দায়িত্ব ও কর্মস্থল ভিন্ন হলেও তাদের সবার প্রধান পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা। আর মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।

তিনি বলেন, নাগরিকদের সঙ্গে এমন আচরণ করতে হবে, যেমন আচরণ একজন কর্মকর্তা নিজে সেবা নিতে গেলে প্রত্যাশা করেন। কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ফিরিয়ে না দিয়ে ভুলটি নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া এবং সংশোধনের উপায় জানিয়ে দেওয়াই মানবিকতা ও আন্তরিকতার পরিচয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই আইন ও বিধিবিধান মেনে দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করাও আধুনিক প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো স্থানে যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। জনপ্রশাসনের কোনো পদই কারও জন্য স্থায়ী নয়।

প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকতে পারে। তবে সেই সমর্থনের প্রকাশ ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি দপ্তরে নয়।

তিনি বলেন, নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও দলিল। তা বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সরকারি সেবায় দীর্ঘসূত্রতা কমিয়ে সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতাও জরুরি। নবীন কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে সেরা ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরা।