শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট একটি করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত সংকটের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিগত সরকারের সময়ে এসব খাতের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।