বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসাপ্রত্যাশীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার আনছে ভারত। নতুন ব্যবস্থায় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় ভিসা আবেদনের জটিলতা কমানোর পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে প্রচলিত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণের সুযোগ থাকবে।

ভিজিটর ভিসার দুটি শ্রেণি রাখা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে ১, ৫ কিংবা ১০ বছর।

চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ চিকিৎসার জন্য এম-৩ ভিসা চালু করা হচ্ছে। রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য থাকবে আলাদা ভিসার ব্যবস্থা। সাধারণত এসব ভিসার মেয়াদ হবে এক বছর।

শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষক, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের জন্যও বি-১ ও বি-২ নামে দুটি পৃথক শ্রেণি রাখা হয়েছে।

এ ছাড়া উৎপাদন, যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিশেষজ্ঞদের জন্য নতুন ব্যবসায়িক ভিসার ব্যবস্থা করা হচ্ছে।

ভারতের নতুন ভিসা কাঠামো ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। নতুন ব্যবস্থা কার্যকর হলে বিদেশিদের ভারত ভ্রমণ ও বিভিন্ন কাজে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে দেশটির সরকার।