তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রদেশটির ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পাইলট ও দুজন হেলিকপ্টার টেকনিশিয়ান রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় নিহত চার সেনাসদস্য হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের, টেকনিশিয়ান হুসেইন জেহির, পাইলট মেজর এরদেম চিমেন এবং পাইলট ওরহুন পিনার।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান।

এক শোকবার্তায় তিনি নিহত সেনাসদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনায় তুরস্কের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।