দেশের পর্যটন খাতের উন্নয়নে প্রণীত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বরে উন্মোচন করতে পারে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ পরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি চলছে। এতে ২০৪১ সালের মধ্যে ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি এবং ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি এই পরিকল্পনায় দেশের আট বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদী ও গ্রামীণ পর্যটনসহ বিভিন্ন খাতের সমন্বিত উন্নয়নের প্রস্তাব রয়েছে এতে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি ও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই শেষ হলে পরবর্তী অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

মহাপরিকল্পনায় শুধু হোটেল-রিসোর্ট নির্মাণ নয়, পর্যটন গন্তব্যের প্রচারণা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, প্রশিক্ষণ কেন্দ্র ও গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা গঠনের সুপারিশ রয়েছে।

এর আগে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলার কথা জানান। কক্সবাজার, সিলেট ও খুলনায় সরকারি জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

পর্যটন খাতের অংশীজনরা বলছেন, মহাপরিকল্পনার সুফল পেতে দ্রুত ও কার্যকর বাস্তবায়ন জরুরি। তাদের মতে, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল, উন্নত সেবা, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে হবে।