নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ, কোথাও যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। এমনকি পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। এ বিষয়ে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রিজভীর দাবি, দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতারাও জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। পরে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।