সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হতে পারে। পরবর্তী সময়ে আইনি জটিলতা বা অন্য কারণে আটকে থাকা ইউনিয়নগুলো পঞ্চম ধাপে যুক্ত করা হতে পারে।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারিকে কেন্দ্র করে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের ৫০ দিন আগে বা পরে ভোটের তারিখ ঘোষণা করতে পারবেন। কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।
এদিকে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে গত চার-পাঁচ দিন ধরে সমস্যা দেখা দিয়েছে। তবে এনআইডির অন্যান্য সেবা বন্ধ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
এ ছাড়া সংরক্ষিত ইভিএম নিষ্পত্তির কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত আছে। প্রথমে এসব যন্ত্রের সংখ্যা ও অবস্থা যাচাই করে কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সেবা আরও সহজ ও জনবান্ধব করতে আগামী পরশু একটি কর্মশালার আয়োজন করা হবে।

মন্তব্য করুন