ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির বহু মুসলিম। দীর্ঘদিন ধরে ভারতে বসবাস এবং প্রয়োজনীয় পরিচয়পত্র থাকার পরও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে তাদের। কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগ উঠেছে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি দেশছাড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকে।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারতের নাগরিক হয়েও নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন অনেকে।

এমনই একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে বাড়ি থেকে সবজি কিনতে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। তিন মাসের বেশি সময় ধরে স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন সাহিদার বর্তমান ঠিকানা বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রাম।

সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করে মুঠোফোন কেড়ে নেন। পরে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাকে। তার পরিবার দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের সদস্যরাও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। তাদের স্বজনদের কেউ আটক হয়েছেন, কাউকে দেশছাড়া করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচনের আগে বাদ দেওয়া হয় প্রায় ৯০ লাখ নাম। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশ মুসলিমদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ নভেম্বর এক জনসভায় অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং দেশ থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেন।

মানবাধিকারকর্মীদের মতে, নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়লেও ট্রাইব্যুনালে শুনানি চলছে ধীরগতিতে। ফলে নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও অনিশ্চয়তায় রয়েছেন বহু মানুষ।