দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে জোড়া আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। তাঁর গুরুত্বপূর্ণ দুই উইকেটে কিছুটা স্বস্তি নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।
দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে রয়েছে ৬ উইকেট।
দিনের শুরুতেই উইকেট তুলে নিয়ে ভালো সূচনা করেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে ফেরান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বলটি মার্করামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে ফেরেন এই ওপেনার। ভাঙে দক্ষিণ আফ্রিকার ৫ রানের উদ্বোধনী জুটি।
তবে এরপর বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন জোবায়ের হামজা ও অ্যাকারম্যান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ২০২ রানের বিশাল জুটি। এই সময়ে ব্যাট হাতে দাপট দেখিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান।
মাত্র ১২৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার।
এর আগে ইনিংসের ১৬তম ওভারে মাথায় আঘাত পান হাসান মাহমুদ। ফিরতি বল ধরতে গিয়ে বলটি তাঁর হাত ফসকে কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান এই পেসার। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। পরে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়লেও আবার খেলায় ফেরেন হাসান।
দীর্ঘ সময় উইকেট না পাওয়ার পর অবশেষে হামজাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন মুমিনুল হক। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন হামজা। ৮৩ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। ভাঙে দক্ষিণ আফ্রিকার বড় জুটি।
এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন তিনি। ১৬৪ বলে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যাকারম্যান। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা।
এরপর নিজের পরের শিকার বানান ম্যাথু ব্রিটকিকে। ৫৯তম ওভারের শেষ বলে হাসানের বল পায়ে লাগে এই ব্যাটারের। আবেদনে সাড়া দিয়ে তাঁকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আম্পায়ার। ১৭ বলে ২ রান করে ফেরেন ব্রিটকি।
শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে হাসানের এই দুই উইকেটে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তাই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

মন্তব্য করুন