সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটে দর্শনা হল্ট স্টেশনের আগে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে খুলনাগামী খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনকে যাওয়ার সুযোগ দিতে অপেক্ষা করছিলেন তারা।
এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনে প্রবেশের চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
হামলার পর দুর্বৃত্তরা দুই চালকের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে সরিয়ে নেওয়া হয়। বিকল্প চালক না আসা পর্যন্ত ট্রেনটির যাত্রা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। তবে বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
চলন্ত নয়, একেবারে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে ঢুকে চালকদের ওপর এমন সশস্ত্র হামলার ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন, গভীর রাতে রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে এবং কবে ধরা পড়বে এই ডাকাত দলের সদস্যরা?

মন্তব্য করুন