প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ শুধু দেশের নয়, বরং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরোধী মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার (১০ জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ ছাড়া বহু সদস্য আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা শত প্রতিকূলতা সত্ত্বেও নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে চলেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বাড়িয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত দুই লাখের বেশি বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্য বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন এবং বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন সদস্য ১০টি মিশনে নিয়োজিত রয়েছেন। নতুন করে হাইতিতে আরও একটি মিশনে অংশ নেওয়ার প্রস্তুতিও চলছে।
তিনি আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নারী সদস্যদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে, যা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অন্তর্ভুক্তিমূলক ভূমিকা রাখছে।
বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট শান্তিরক্ষা কার্যক্রমকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। এসব মোকাবিলায় বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিক ও জাতিসংঘ প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা ভবিষ্যতেও বিশ্বমঞ্চে দেশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবে।

মন্তব্য করুন