পরিস্থিতি মোকাবিলায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলা নিয়েও উদ্বেগ রয়েছে। সম্প্রতি টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, অগ্নিসংযোগ এবং থানায় হামলার ঘটনায় নিরাপত্তা পরিকল্পনা আরও জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা জানান, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, ভুয়া ভিডিও ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শনাক্তে সাইবার নজরদারিও বাড়ানো হচ্ছে। ডিসেম্বর ঘিরে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে সারা দেশে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন