বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। আর ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তিনি জানান, বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে। হুন্ডি প্রতিরোধ, অর্থ লেনদেন সহজ করা এবং দ্রুত প্রবাসীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বাড়াতে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে নতুন রেমিট্যান্স সংযোগ তৈরি, বিকল্প চ্যানেল বৃদ্ধি এবং অর্থ পাঠানোর খরচ কমানোর সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুবিধা নিশ্চিত করতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে নতুন ধারণা, প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন