বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী দিয়া মির্জা। একসঙ্গে কাজের অভিজ্ঞতাকে ‘দুঃস্বপ্নের মতো’ উল্লেখ করে নওয়াজের আচরণ ও কথা বলার ধরন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি।

বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজউদ্দীনকে ট্যাগ করে দিয়া লেখেন, একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো। কথা বলার ন্যূনতম শিষ্টাচারও তার মধ্যে নেই। এমন মনোভাবের কারণে তিনি অত্যন্ত আপত্তিকর একজন মানুষ।

তবে ঠিক কোন ঘটনা থেকে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা বিস্তারিত জানাননি দিয়া। কোনো শুটিংয়ের ঘটনা, নাকি ব্যক্তিগত কোনো বিষয়, এ নিয়েও মুখ খোলেননি অভিনেত্রী।

এদিকে দিয়া ও নওয়াজউদ্দীন একসঙ্গে কাজ করছেন ‘ডক্টর হাসান’ নামের একটি ওয়েব সিরিজে। রোহন সিপ্পী পরিচালিত সিরিজটি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাই নতুন আলোচনা, এটি কি সত্যিকারের বিরোধ, নাকি সিরিজের প্রচারের কৌশল? যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দিয়ার অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি নওয়াজউদ্দীন।