ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

রোগীদের জন্য সুখবর, কমলো হার্টের রিংয়ের দাম

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ২০ বার পঠিত
রোগীদের জন্য সুখবর, কমলো হার্টের রিংয়ের দাম

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা-উপকরণ কার্ডিয়াক স্টেন্ট (হার্টের রিং)-এর দাম পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের মূল্য কমানো হয়েছে।

সোমবার (৯ জুন) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে স্টেন্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। আগে ৬০ হাজার টাকা দামের কিছু স্টেন্ট এখন ৫৭ হাজার টাকায় বিক্রি হবে। একইভাবে ৫৫ হাজার টাকা দামের স্টেন্টের মূল্য ৫২ হাজার টাকা এবং ৫৩ হাজার ৫০০ টাকা দামের স্টেন্টের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি দাম কমানো হয়েছে যুক্তরাষ্ট্রের ইনসিটু টেকনোলজিস ইনকরপোরেটেড নির্মিত সাইলিন কাভার্ড স্টেন্টের। এর সর্বোচ্চ খুচরা মূল্য ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

হালনাগাদ মূল্যতালিকায় অ্যাডভান্সড মেডিটেক, এশিয়া প্যাসিফিক মেডিকস লিমিটেড, অ্যালায়েন্স মেডিকেয়ারসহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্য পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, জাপান এবং যুক্তরাষ্ট্রে তৈরি।

জনসচেতনতার জন্য দেশের সব হাসপাতালকে হালনাগাদ স্টেন্টের মূল্যতালিকা নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। পাশাপাশি অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের ভিত্তিতে স্টেন্ট বিক্রি নিশ্চিত করতে এবং চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য যুক্ত না করতে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্টেন্ট বিক্রির ক্ষেত্রে পৃথক ক্যাশ মেমো দিতে হবে। সেখানে স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং প্রস্তুতকারকের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এছাড়া চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের মোড়ক রোগীকে সরবরাহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

হৃদরোগ চিকিৎসাসেবা প্রদানকারী সব হাসপাতালকে নির্ধারিত মূল্য কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930