রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর প্রবেশ ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে জোরদার করা হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুরো নগরীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতিও বাড়ানো হয়েছে।
এদিকে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। ঢাকার বাইরে নাশকতায় জড়িত থাকার পর রাজধানীতে আশ্রয় নেওয়া কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে দৈনন্দিন কাজকর্ম করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রেখেছে।

মন্তব্য করুন