দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন ও বিজয় র‌্যালি। এ ছাড়া ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়ে পৃথক কর্মসূচি পালন করবে দলটি।

কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে, ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ডিসেম্বরজুড়ে দুর্নীতিবিরোধী কর্মসূচি, মানবাধিকার দিবস পালন, পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের আয়োজন রয়েছে। ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র‌্যালি ও আলোচনা সভা করবে দলটি। মাসের শেষ দিকে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জনমত গড়ে তোলাই এসব কর্মসূচির লক্ষ্য। তিনি আরও জানান, জামায়াত নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে।