গত ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকের আলোচনার ভিত্তিতেই নতুন এই চুক্তি সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও জ্বালানিপণ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। জাপানের অপরিশোধিত তেল আমদানির বড় একটি অংশও এই নৌপথের ওপর নির্ভরশীল।
এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত মে মাস থেকে জাপানে তেল মজুতের বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল সৌদি আরব।
জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতও এই যৌথ মজুত ব্যবস্থায় অংশ নিতে পারবে। দেশ দুটির কোম্পানিগুলো বর্তমানে জাপানে তেল সংরক্ষণের জন্য ট্যাংক ভাড়া নিয়ে থাকে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে মজুত করা অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলো অগ্রাধিকার পাবে। এর মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় সংকট দেখা দিলে দেশটির জ্বালানি চাহিদা পূরণ সহজ হবে।

মন্তব্য করুন