ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (২০ নভেম্বর) লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদাসহ দেশটির বিভিন্ন এলাকায় জোটের বিমান হামলার পর এ হতাহতের তথ্য জানায় তারা।
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিশেষ অভিযান পরিচালনা করেছে। তাদের দাবি, হোদেইদা বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া রাজধানী সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালিয়েছে জোট বাহিনী।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সামরিক সরবরাহ ডিপোতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে তাইজ প্রদেশের উপকূলীয় শহর মোখার একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করা হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে হুথিরা। তাদের দাবি, হোদেইদায় হামলা অব্যাহত থাকলে সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের বিভিন্ন বন্দরে হামলা চালানো হতে পারে।
এ ছাড়া সৌদি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করে বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি। রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে তারা।
এদিকে সৌদি জোটের মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেন সীমান্তের কাছে জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে সেগুলোর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।
সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন