ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ কক্সবাজারে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ কক্সবাজারে

ছবি: -সংগৃহীত

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সফরের অংশ হিসেবে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে, যার মাধ্যমে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর বৃহৎ উদ্যোগ শুরু হবে।

শুক্রবার কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শনিবার (১৩ জুন) ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এই জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কক্সবাজার সফরে আসছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। এ সফরে সাধারণ মানুষ সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারবাসীর পক্ষ থেকে স্থানীয় কোনো দাবি না থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

তিনি জানান, দীর্ঘদিনের দাবি অনুযায়ী মাতামুহুরী নামে নতুন উপজেলা গঠন এবং সেখানে থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পেয়েছে। পাশাপাশি পেকুয়ায় পৌরসভা গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন এবং উন্নয়ন, প্রশাসনিক পুনর্বিন্যাস ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।