বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জেলা প্রতিনিধি
শনিবার, ১৩ জুন ২০২৬
১৬ বার পঠিত
কক্সবাজারে পৌঁছে সফরের সূচনাতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে কক্সবাজারে পৌঁছানোর পর তিনি সরাসরি পিএমখালী এলাকায় যান এবং খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁকে স্বাগত জানান।
‘পাতলী খাল’ বাংলাদেশের খাল খনন কর্মসূচির একটি ঐতিহাসিক অংশ হিসেবে পরিচিত। ১৯৭০–এর দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ সেচ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন। পিএমখালীর এই খাল সেই সময়কার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হয়, যা স্থানীয় কৃষি ও জলব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখে।
সরকারি সূত্রে জানা যায়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। এর অংশ হিসেবে চলতি বছরই ১,২০০ কিলোমিটারের বেশি খাল পুনঃখননের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
কর্মসূচিতে খাল খননের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খালের পাড় রক্ষা, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
দিনব্যাপী কক্সবাজারে বিভিন্ন কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।