ঢাকা
২৯ আগস্ট ২০২৬

নিত্যপণ্যের দাম কমালেও বিরোধী দল বাজেট মানে না, কক্সবাজারে প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
শনিবার, ১৩ জুন ২০২৬   ৪১ বার পঠিত
নিত্যপণ্যের দাম কমালেও বিরোধী দল বাজেট মানে না, কক্সবাজারে প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

কক্সবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোসহ জনস্বার্থে একাধিক পদক্ষেপ নিলেও বিরোধী দল তা স্বীকার করছে না।

তিনি বলেন, চাল, ডাল, তেল, লবণসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাজারে মূল্যস্ফীতির চাপ কমার কথা থাকলেও বিরোধী দল রাজনৈতিকভাবে সমালোচনা করে যাচ্ছে।

পথসভায় প্রধানমন্ত্রী আরও জানান, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রতিটি উপজেলায় কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নারী শিক্ষাকে উৎসাহিত করতে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিস-সংক্রান্ত খাতে কর ও ভ্যাট প্রত্যাহারের ফলে চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

বাজেট প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, পাশাপাশি ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।

বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, সরকারের পদক্ষেপগুলোর পরও বিরোধীরা বাজেট প্রত্যাখ্যান করছে, যা তার মতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং তাদের কল্যাণেই সরকার কাজ করে যাবে।

শেষে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে তিনি উন্নয়ন কার্যক্রমে জাতীয় ঐক্যের আহ্বান জানান।