ছবি: -সংগৃহীত
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃহৎ পরিবেশগত উদ্যোগের সূচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অংশ নেন। এ সময় ১১ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এই কর্মসূচির লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী পাঁচ বছরে সারা দেশে পর্যায়ক্রমে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।
কর্মসূচির প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্বোধন উপলক্ষে মালুমঘাট সংরক্ষিত বনে আয়োজিত সুধী সমাবেশে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বনাঞ্চল বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় এই কর্মসূচি দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কক্সবাজার সফরে এর আগে প্রধানমন্ত্রী পিএমখালীতে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।