ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনমানের পরিবর্তন ঘটাতে সরকার কাজ করছে।
শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই—দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উপজেলা পর্যায়ের সব স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গ্রামীণ জনগণকে চিকিৎসার জন্য দূরে যেতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী সফরে সকালে কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর তিনি পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে চকরিয়ার জনসভায় যোগ দেন তিনি। সফর শেষে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।