https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইন্টারপোলের বিশেষ সহায়তায় দুবাই সিটি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। দুদকের মামলায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। দেশত্যাগের পর থেকেই তাকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেয়।
গ্রেপ্তারের পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।