https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার, ১৯ জুন, সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।
ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি না দিলেও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে চুক্তির খবর প্রচার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ চুক্তিকে দেশটির জন্য একটি কূটনৈতিক বিজয় হিসেবে তুলে ধরা হয়।
চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে শাহবাজ শরিফ জানিয়েছেন, এর আওতায় লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করা হবে।
সূত্রের বরাতে জানা গেছে, খসড়া চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয় রয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আরও ৬০ দিন সময় নির্ধারণ করা হয়েছে।
ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের আটকে থাকা ২৫ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করবে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে এবং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ থেকে বিরত থাকবে।
এর আগে লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেলেও শেষ পর্যন্ত উভয় পক্ষ শান্তিচুক্তির পথে এগিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, তারা এই চুক্তির অংশ নয়।