https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর যানজট পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা স্থাপনের বর্তমান অবস্থা, কতগুলো ক্যামেরা বসানো হয়েছে এবং অবশিষ্ট ক্যামেরা স্থাপনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী।
সভায় রাজধানীতে চলাচলরত পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন আরও জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।