ইরান-যুক্তরাষ্ট্রের কাঠামোগত সমঝোতার পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মাইন অপসারণে বিমান ও যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনার কথা জানিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আন্তর্জাতিক কোনো চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় ফ্রান্স একটি ফ্রিগেট ও সামরিক বিমান মোতায়েনের প্রস্তুতি নিতে পারে।

ম্যাক্রোঁ জানান, সমঝোতা চূড়ান্ত হলে দুই থেকে তিন দিনের মধ্যেই এসব সামরিক সম্পদ মোতায়েন করা সম্ভব। তাঁর মতে, হরমুজ প্রণালি অবশ্যই আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য উন্মুক্ত ও বাধাহীন থাকতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক কাঠামোগত সমঝোতা নিয়ে বৈশ্বিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এর বাস্তবায়ন নিশ্চিত করতে জি-৭ সম্মেলনেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধ, চীনের বাণিজ্যনীতি এবং প্রযুক্তি নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে।

ফ্রান্সের এই সম্ভাব্য পদক্ষেপকে অনেকেই হরমুজ সংকট প্রশমনে ইউরোপীয় কূটনৈতিক ও সামরিক অংশগ্রহণের ইঙ্গিত হিসেবে দেখছেন।