রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৭ বার পঠিত
ছবি: -সংগৃহীত
রাজধানীর যানজট কমাতে ঢাকা শহরের চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ-যাত্রাবাড়ী এবং ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল ধাপে ধাপে শহরের বাইরের নির্ধারিত স্থানে স্থানান্তর করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে, মহাখালী টার্মিনাল প্রথমে পূর্বাঞ্চলে অস্থায়ীভাবে এবং পরে টঙ্গির কাছে স্থায়ীভাবে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনাল কাঁচপুর এলাকায় স্থানান্তর করা হবে।
সরকারের লক্ষ্য হলো শহরের ভেতরে চাপ কমিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করা এবং আন্তঃনগর বাস চলাচলকে একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে আনা।
সভায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় এআই ক্যামেরা ব্যবহারসহ আধুনিক প্রযুক্তি সংযোজন নিয়েও আলোচনা হয় এবং প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।