দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। জাতীয় পর্যায়ের এক গবেষণার তথ্য তুলে ধরে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গবেষণায় দেখা গেছে, দেশে মাদক ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের ফলে মাদক অপব্যবহারের সমস্যা আরও জটিল হয়ে উঠেছে।

তিনি বলেন, বিপুলসংখ্যক তরুণ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং তাদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার মাদকাসক্তি নিরাময় সেবা সম্প্রসারণ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, সরকার পরিচালিত তেজগাঁও মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ তিনটি বিভাগীয় কেন্দ্রের শয্যা সংখ্যা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ঢাকার কেন্দ্রটির সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

সরকারি চিকিৎসা সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় সীমিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সরকার আর্থিক সহায়তা প্রদান করছে। এর ফলে চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হচ্ছে।