রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান খান তাদের পক্ষে মামলাটি পরিচালনা করবেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা। তিনি জানান, কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হবে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

ফৌজদারি মামলায় অভিজ্ঞ এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে পাশের ফ্ল্যাটে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে সহযোগিতা করেন বলে আদালতে প্রমাণিত হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় গত ৭ জুন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের পর তাদের কনডেম সেলে পাঠানো হয়। পরে তারা কারাগার থেকেই রায়ের বিরুদ্ধে আপিল করেন।