https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৯৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৫২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৪৯৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে মারা গেছেন ৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতর রোগের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।