https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপপর্বে টানা দুই জয় তুলে নিয়ে নকআউট পর্ব এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে এবং নিয়মিত একাদশকে বিশ্রাম দিতে প্রস্তুতি নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার অনুষ্ঠিত রুদ্ধদ্বার অনুশীলনে স্কালোনি প্রায় সম্পূর্ণ ভিন্ন একটি দল নিয়ে অনুশীলন করান। যদিও ম্যাচের চূড়ান্ত একাদশ এখনও ঘোষণা করা হয়নি, তবু অনুশীলন থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে মূল একাদশে একাধিক পরিবর্তন আসছে।
গোলরক্ষক হিসেবে অনুশীলনে হুয়ান মুসোকে দেখা গেলেও ম্যাচে শুরু করবেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। অনুশীলনে তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো এবং জিউলিয়ানো সিমিওনে অনুশীলন করেন। বিশ্বকাপে এখনও মাঠে না নামা তরুণ ভ্যালেন্তিন বারকোরও শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আক্রমণভাগে নিকো পাজ ও জুলিয়ান আলভারেজকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন স্কালোনি। বিশ্বকাপের বর্তমান সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক লিওনেল মেসিকে অনুশীলনে বেঞ্চে রাখা হয়। ধারণা করা হচ্ছে, জর্ডানের বিপক্ষে ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ফলাফল গ্রুপের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। এরপর নকআউট পর্বে এইচ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন, সৌদি আরব অথবা কেপ ভার্দে।