https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে ফ্রান্স ও নরওয়ের মধ্যে। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই ম্যাচটিকে আখ্যা দিয়েছেন ‘ক্ল্যাশ অব দ্য টাইটানস’। একদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিজেদের তারকাখচিত ফ্রান্স, অন্যদিকে আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ে।
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নরওয়ে। টানা দুই জয়ে আগেই নিশ্চিত করেছে নকআউট পর্ব। দলটির সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হাল্যান্ড, যিনি এখন পর্যন্ত চার গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষ সারিতে রয়েছেন।
শুধু মাঠের পারফরম্যান্সই নয়, নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপনও বিশ্বকাপে নতুন মাত্রা যোগ করেছে। গ্যালারি থেকে শুরু করে নিউইয়র্কের টাইমস স্কয়ার—সবখানেই ছড়িয়ে পড়েছে এই উদযাপনের উন্মাদনা।
অন্যদিকে ফ্রান্সের জন্য ম্যাচটি বাড়তি গুরুত্ব বহন করছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউটে তুলনামূলক সহজ পথ পাবে এমবাপ্পেরা। কিন্তু দ্বিতীয় হলে শুরু থেকেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে ফরাসি শিবির। প্রধান কোচ দিদিয়ের দেশঁ মায়ের মৃত্যুর কারণে দেশে ফিরে গেছেন। ফলে নরওয়ের বিপক্ষে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গি স্তেফান। যদিও নকআউটের আগেই দেশঁ দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
হাল্যান্ড অবশ্য ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ। তার ভাষায়, “আমরা ইতোমধ্যেই নকআউটে উঠেছি, সেটাই সবচেয়ে বড় অর্জন। ফ্রান্স হয়তো আমাদের হারাবে, এমনকি বিশ্বকাপও জিততে পারে।”
নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন অবশ্য নিজের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “হাল্যান্ড যদি ফ্রান্স বা আর্জেন্টিনার মতো দলে খেলত, তাহলে গোল্ডেন বুট জেতা আরও সহজ হতো। আমার কাছে সে এই বিশ্বকাপের সেরা স্ট্রাইকার।”
বাছাইপর্বেও ছিল নরওয়ের দাপট। টানা আট ম্যাচ জয়ের পথে ইতালিকে দুই লেগে ৭-১ গোলের ব্যবধানে হারিয়েছিল দলটি। সেই অভিযানে একাই ১৬ গোল করেছিলেন হাল্যান্ড।
অন্যদিকে এমবাপ্পেদের আক্রমণভাগও রয়েছে দুর্দান্ত ছন্দে। ওলিজের সৃজনশীলতা, দেম্বেলের গতি এবং এমবাপ্পের ফিনিশিং ফ্রান্সকে করে তুলেছে শিরোপার অন্যতম দাবিদার।
সম্ভাব্য একাদশে ফ্রান্স ৪-২-৩-১ ছকেই খেলতে পারে। রক্ষণে থাকবেন কুন্দে, সালিবা, উপামেকানো ও হার্নান্দেজ। মাঝমাঠে চুয়ামেনি ও রাবিও, আক্রমণভাগে দেম্বেলে, ওলিজে, দুয়ে এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন এমবাপ্পে।
বোস্টনের মাঠে এমবাপ্পে-হাল্যান্ড দ্বৈরথে জমে উঠতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ। দুই দলের আক্রমণাত্মক ফুটবল আর তারকাদের লড়াইয়ে দর্শকরা অপেক্ষা করছেন এক রোমাঞ্চকর থ্রিলারের জন্য।