https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মধু লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন এবং নিয়মিত মালঞ্চি গরুর হাটে গরু কেনাবেচার কাজে আসতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে গরুর হাটে এসে মধু রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগতির লালমণি এক্সপ্রেস ওই স্থান অতিক্রম করছিল। মোবাইল ফোনে ব্যস্ত থাকায় ট্রেনের আগমন কিংবা হুইসেলের শব্দ তিনি খেয়াল করতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।