মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন। পাশাপাশি অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে রয়েছে।

তিনি প্রস্তাব দেন, সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিতে পারে। যেসব অর্থের হিসাব কর নথিতে নেই, সেগুলো ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ দিলে বাজেট ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে এবং সেই অর্থ উৎপাদন ও বিনিয়োগে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

সংসদ সদস্য আরও বলেন, দেশে প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক রয়েছে। ব্যাংকের সংখ্যা কমিয়ে জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি টাকা পাচার রোধে কেবল আইন নয়, আর্থিক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

বাজেট আলোচনায় তিনি বলেন, নতুন সরকারের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বেকারত্ব কমানো বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান বাড়ানো ছাড়া স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া তিনি বলেন, বর্তমান বাজেট ঘাটতির হলেও তা অস্বাভাবিক নয়। বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে মাত্র তিন মাসে বাজেট প্রণয়ন করা হয়েছে এবং লুটপাটনির্ভর অর্থনীতি থেকে দেশকে বের করে আনার প্রচেষ্টার অংশ হিসেবেই এটি তৈরি হয়েছে।