নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে রাজধানীর কড়াইল বস্তিসহ ৫৮টি এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য নতুন আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রী জানান, রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের ৩৭টি বস্তিতে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে।

গৃহায়নমন্ত্রী জানান, রাজশাহীতে নিম্ন আয়ের মানুষের জন্য ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনায় প্রায় ৮ একর জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া চট্টগ্রামের সল্টগোলা এলাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আবাসন নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্পের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।