বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মীতে পরিণত করতে কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। একই সঙ্গে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতায় দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ করছে। তিনি স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য বৃত্তি বাড়ানোর আহ্বান জানান।
সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, গত ১৫ বছরে দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতেও তা জোরদার হবে। তিনি বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, সুইজারল্যান্ড তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জনশক্তিকে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে কাজ করবে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন