https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, শিক্ষাজীবনে শুধু একাডেমিক সাফল্যই নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ জরুরি। একই সঙ্গে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।
মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তারা সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান।