https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না; পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে নিয়মিত বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বছরে অন্তত একটি করে গাছ লাগালে যেমন গাছ বড় হবে, তেমনি মানুষও বড় হবে। সময়ের সঙ্গে সেই গাছের প্রতি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে, যেন সে একজন বন্ধুর মতো।
তিনি আরও বলেন, পরিবারের নতুন কোনো সন্তান জন্ম নিলে তার নামে একটি গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা যেতে পারে। এতে সন্তান ও গাছ—দুজনই একসঙ্গে বেড়ে উঠবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ রোপণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেই চারাগুলো থেকে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।