ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা প্রকল্পে ভারতের আপত্তি আমলে নিচ্ছে না চীন, বাংলাদেশকে দিল পূর্ণ সহযোগিতার আশ্বাস

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তি আমলে নিচ্ছে না চীন, বাংলাদেশকে দিল পূর্ণ সহযোগিতার আশ্বাস

ছবি: -সংগৃহীত

তিস্তা নদী প্রকল্প ঘিরে ভারতের উদ্বেগকে কার্যত গুরুত্ব না দিয়েই বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়, তাই এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বা প্রভাবেরও সুযোগ নেই।

বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বাংলাদেশ-চীন সহযোগিতা সম্পূর্ণ দ্বিপক্ষীয় এবং এটি কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত।

চীনের ভাষ্য অনুযায়ী, তিস্তা প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। তাই প্রকল্পটি বাস্তবায়নে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বেইজিং।

গুও জিয়াকুন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করতে চায় চীন। পাশাপাশি বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, জনকল্যাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহও রয়েছে তাদের।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানিয়েছিলেন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। দুই দেশ এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। সমীক্ষায় প্রকল্পটি বাস্তবসম্মত ও কার্যকর প্রমাণিত হলে চীন পূর্ণ সহযোগিতা দেবে।

বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা নিয়ে দুই দেশের সহযোগিতা জোরদারের উদ্যোগকে ঘিরে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। দেশটির গণমাধ্যমগুলোর দাবি, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় এই প্রকল্পের কৌশলগত গুরুত্ব রয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের মূল উদ্বেগের কেন্দ্র শিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র স্থল যোগাযোগপথ হওয়ায় এই অঞ্চলটি দেশটির জন্য অত্যন্ত স্পর্শকাতর। নয়াদিল্লির আশঙ্কা, তিস্তা প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে চীনের প্রভাব বাড়লে তা ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ারচায়নার মধ্যে তিস্তা প্রকল্পসংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানো হয়। ফলে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930