ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে কিছু গণমাধ্যম : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২৬ বার পঠিত
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে কিছু গণমাধ্যম : তথ্য উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের কিছু গণমাধ্যম তা মানছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ বিষয়ে সতর্ক করবে।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কিছু গণমাধ্যম সেই নির্দেশনা উপেক্ষা করে বক্তব্য প্রচার করছে। তার ভাষায়, এটি আদালতের নির্দেশ না মানার শামিল।

তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন এসব গণমাধ্যমকে প্রথমে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হবে। সরকার আপাতত কঠোর অবস্থানে না গেলেও আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে ভবিষ্যতে এমন সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে একই ধরনের আহ্বান জানানো হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, প্রয়োজন হলে আবারও আহ্বান জানানো হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার বিষয়েও চিন্তা করা হতে পারে।

তবে তিনি স্বীকার করেন, বর্তমান ডিজিটাল যুগে বিদেশি গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ সহজেই বিভিন্ন বক্তব্যে পৌঁছে যাচ্ছে। তাই বাস্তবে এসব পুরোপুরি ঠেকিয়ে রাখা কতটা সম্ভব, সে প্রশ্নও রয়েছে।

তবু আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা অনুচিত বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930