বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আম ভারতে পাঠানো হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ১২০টি কার্টনে ৬০০ কেজি আম বহনকারী একটি কাভার্ডভ্যান আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। বিষয়টি বুধবার (১ জুলাই) নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য সরকারের জন্য আম পাঠানো হয়েছে। পাল্টা উপহার হিসেবে ত্রিপুরা সরকারও বাংলাদেশকে তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠিয়ে থাকে।

আখাউড়া স্থলবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই দেশের শূন্যরেখায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে উপহারগুলো পৌঁছে দেওয়া হবে।

আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের দায়িত্বে থাকা সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব আহমেদ ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ৬০০ কেজি হাঁড়িভাঙা ও আম্রপালি আম আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে সেগুলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই মৌসুমি উপহার বিনিময় দুই প্রতিবেশী অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।