সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হলেও চলতি জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের মাসিক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বর্ষণের ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে গড়ে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সব বিভাগেই বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম ছিল। সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ৪২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাত কমেছে ৩১ শতাংশ। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন