রাজধানীর কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। আহতরা হলেন মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।

বুধবার (১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রাজিব জানান, ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলে থাকা তিনজন দগ্ধ হন। তারা সবাই পান্থপথের একটি ফার্নিচার দোকানে কর্মরত।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক জানান, জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি করা হয়েছে। জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনার পর তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে এবং বাকি দুজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।